কোটবাড়ীতে ১৪৪ ধারা, অভিযানে প্রস্তুত সোয়াট

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১২:৪২
 
কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা বাড়িতে অভিযানের প্রস্তুতি সম্পন্ন। যেকোনো সময় অভিযান শুরু হবে।
 
ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে আসা সোয়াটের একটি টিম ছাড়াও ক্রাইম সিন ইউনিট, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
 
এদিকে শুক্রবার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
এ অভিযানকে কেন্দ্র করে ওই বাড়ির চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান থাকায় স্থানীয় এলাকার লোকজনকে বাড়ি সংলগ্ন সড়কে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
 
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযানের দিক নির্দেশনা দিচ্ছেন।
 
ইত্তেফাক/কাউছার