সখীপুরে ৫টি মোটরসাইকেল চুরি

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১১:৪১
 
টাঙ্গাইলের সখীপুরে একটি ফ্ল্যাট বাড়ি থেকে একই সঙ্গে পাঁচটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইসমাইল হোসেনের ফ্ল্যাট বাড়িতে (হাজী ভিলা) এ চুরির ঘটনা ঘটে।
 
চুরির ঘটনায় বাড়ির মালিক ইসমাইল হোসেন বৃহস্পতিবার দুপুরে সখীপুর থানায় একটি জিডি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অবসর প্রাপ্ত সার্জেন্ট ইসমাইল হোসেনের হাজী ভিলা নামক ৫তলা ফ্ল্যাট বাড়িতে ২১ জন ভাড়াটিয়া থাকেন। ভাড়াটিয়াদের জন্য বাড়ি নীচ তলায় গ্যারেজের ব্যবস্থা থাকায় তাদের মোটরসাইকেলগুলো সেখানে রাখা হয়। ঘটনার রাতেও ওই গ্যারেজে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল রাখাছিল।
 
ভবন মালিক ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে ওঠেই দেখি গেট ও গ্যারেজের তালা ভেঙে পাঁচটি মোটরসাইকেল চোরের নিয়ে গেছে। পেছনের গেট ভেঙে চোরেরা ঢুকে গ্যারেজের তালা কেটে ভাড়াটেদের পাঁচটি দামি মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা চুরি করার সুবিধার্থে বাড়ির বিদ্যুতের লাইনও কেটে ফেলে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
 

সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে এবং চোরচক্রের সন্ধ্যানে পুলিশ মাঠে নেমেছে।’