ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পৌরসদরের চৌধুরীকান্দা গ্রাম হতে ব্যবসায়ী বিকাশ চন্দ্র সাহার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের গোলক চন্দ্র সাহার ছেলে ও ভাঙ্গা বাজারের বিশিষ্ট পাইকারি মুদি ব্যবসায়ী ছিলেন।
থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, রাতেই খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানার সামনে অবস্থিত বিকাশ মুদি ভান্ডারের মালিক বিকাশ চন্দ্র সাহা দোকানের বেচাকেনা শেষে বিক্রিত টাকা ও ব্যাগে কিছু দামি সিগারেট নিয়ে নিজ গ্রামের বাড়ী চৌধুরীকান্দার উদ্দেশে রওনা দেন। বাড়ি প্রবেশের কয়েক মিটার আগে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন গভীর রাত হয়ে গেলেও বিকাশ সাহা বাড়ি না ফেরায় তার মোবাইল ফোন বন্ধ পেয়ে তাকে খুজতে বের হয়। এলাকার লোকজন বের হয়ে আসলে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে নির্জন স্থানে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ইত্তেফাক/মণ্ডল
