নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে ২০ হাজার একর বোরো জমির আধা পাকা ধান চোখের সামেনে ডুবে যাচ্ছে। গত ৩ দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানি সাপমারা খাল উপচে ডিঙ্গাপোতা হাওরে ঢুকছে।
কৃষকরা জানায়, সাপমারা খালের মুখের বাঁধে সামান্য মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প কমিটি কাজ শেষ করে। পানির চাপ বেড়ে যাওয়ায় কৃষকরা গতকাল শুক্রবার স্বেচ্ছাশ্রমে মাটি কাটা শুরু করে। কৃষকরা বাঁধ উচু করলেও ঢলের পানি নদীর পাড় উপচে হাওরে প্রবেশ করছে।
সময় যাচ্ছে, পানির চাপ বাড়ছে। কৃষকরা জানায়, গত ২ দিনে নদীতে পানি বেড়েছে ৪ ফুট। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গ্রামে গ্রামে মাইকিং করে বাঁধ রক্ষার জন্য কৃষকদের আহবান করা হচ্ছে।
নদীর পানি ছাড়াও বৃষ্টির সরাসরি পানিতে বোরো ধানের জমিগুলো ডুবি ডুবি অবস্থায় রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০ একর নিচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
হাওর পাড়ের কৃষক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন বলেন, চলতি সনে বাঁধ মেরামতের জন্য পৌনে ২ কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র দেড়শ ফুট বাঁধ সঠিকভাবে মেরামত করা হয়নি। তিনি জরুরিভাবে কৃষকের ফসল রক্ষায় সরকারকে এগিয়ে আসার দাবি জানান।
ইত্তেফাক/নূহু
