স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সারা বিশ্বে সন্ত্রাস ও জঙ্গি হামলা চলছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর চৌকস সদস্যরা দেশের প্রত্যেকটি জঙ্গি আস্তানা চিহ্নিত করে জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করবে।'
স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতি মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান রাখা 'বীর নারীদের' সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, সমাজকর্মী ও রাজনীতিক মাজেদা শওকত আলী এবংও তানিয়া রহমান বখত বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. জেবুন্নাহার।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে' তারাই পঁচাত্তর, কখনো বা শিবির, কখনো জেএমবি, কখনো নিউ জেএমবি, কখনো হরকাতুল জিহাদ (হুজি), কখনো আনসারুল্লা বাংলা টিম, আবার কখনো আনসার-আল ইসলাম নামে আবির্ভূত হয়ে আমাদের পরাভূত করার চেষ্টা করছে।"
