চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের আলোচিত অধ্যক্ষ ফেন্সি হত্যার প্রধান আসামি স্বামী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চারমাস অন্তর্বর্তীকালীন জামিন শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেয়া হয়েছে।
রবিবার আসামি জহিরুল ইসলাম চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর এ আলমের আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। হত্যার শিকার কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সির পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। অপর আসামি জহিরের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম কয়েক মাস কারাভোগের পর জামিনে আছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুন শহরের ষোলঘর এলাকায় নিজ বাসায় খুন হন ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সি।
