বাগেরহাটে ট্রলারডুবি অভিযান সমাপ্ত, ১৭ লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৩:৪৮
 
বাগেরহাট মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান শনিবার বেলা ১১টায় প্রেসব্রিফিং করে সমাপ্তি ঘোষণা করেন। এ সময় উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর এরিয়া ডাইভিং অফিসার কমান্ডার শাহরিয়ার, বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদার, কোস্টগার্ড সিজিও ফরিদ আহমেদ, মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
 
২৮ মার্চ ট্রলারডুবি ঘটনায় শুক্রবার পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। ওই দুজনকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এমনটি মনে করেই উপজেলা প্রশাসন উদ্ধারকারী দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে অভিযান শেষ করেন।