পবিপ্রবিতে শিক্ষক সংকটে ক্লাস বন্ধ, ব্যবস্থা নেই প্রশাসনের

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৪:১৪
 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক সংকটে এমবিএ প্রোগ্রামের কয়েকটি কোর্সের ক্লাস বন্ধ রয়েছে। এই কারণে আগামী বর্ষে এমবিএ প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এমবিএ প্রোগ্রামে একাউন্টিং ও ফিন্যান্স বিভাগের অধীনে পৃথকভাবে পাঁচটি কোর্স পড়ানো হয়। একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগে মোট দুইজন শিক্ষক থাকলেও একজন রয়েছেন শিক্ষা ছুটিতে। অপরদিকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোট তিনজন শিক্ষকর দুইজনকেই দেয়া হয়েছে শিক্ষা ছুটি। প্রত্যেক বিভাগে মাত্র একজন শিক্ষক থাকায় প্রায়ই বন্ধ থাকছে ক্লাস। এতে সেশনজটের আশঙ্কায় ভুগছে শিক্ষার্থীরা।
 
অন্যদিকে বিএএম অনুষদের চারটি বিভাগে থাকা মোট ১০জন শিক্ষকের ৬জনই রয়েছেন শিক্ষা ছুটি। শিক্ষক না থাকায় স্থবির হয়ে পড়েছে পুরো অনুষদের শিক্ষা কার্যক্রম।
 
এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। তাদের মতে শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা না করে শিক্ষকদের ঢালাওভাবে ছুটি দিয়েছে প্রশাসন।