জগন্নাথ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাংচুর

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কবি নজরুল কলেজের ভেতরে ক্লাসরুম, আসবাবপত্র ও বাহিরে রাখা প্রায় অর্ধশতাধিক মোটরবাইক ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এদিকে ঘটনার বিচারের দাবীতে কলেজ অধ্যক্ষের গাড়ি অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মারামারির সময় কলেজে এইসএসসির পরীক্ষা চলছিলো বলে জানা যায়।

জানা যায়, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কবি নজরুল কলেজের গেটের সামনে চা-দোকানে গেলে কলেজের কয়েক শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জবির ওই শিক্ষার্থীকে মারধর করে। এই ঘটনার সূত্র ধরে সোমবার দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কবি নজরুল কলেজের সামনে গেলে মারামারির সূত্রপাত হয়। এক পর্যায়ে কলেজের ভেতরে ঢুকে প্রায় অর্ধশতাধিক মোটরবাইক, ক্লাসরুমের আসবাবপত্র, সিসি টিভি ক্যামেরা, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও কম্পিউটার ভাঙচুর করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিকাল ৫টার দিকে কলেজের প্রধান অধ্যক্ষ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় তার গাড়ি অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। এসময় তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা ও এ ঘটনার সাথে জড়িতদের বিচারে ব্যবস্থা নেয়ার দাবিতে মিছিল দিতে থাকে। এক পর্যায়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কলেজ ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে অধ্যক্ষের গাড়ি ছেড়ে দেয়া হয়।
এনিয়ে কবি নজরুল সরকারি কলেজ এর প্রধান শিক্ষক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সার্বিক বিষয়ে আমরা এখন ক্যাম্পাসের সিকিউরিটি নিয়ে চিন্তিত। ঘটনার সময় ২০গজ দূরেই পুলিশ বসে ছিলো, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আগামীকাল (মঙ্গলবার) আমাদের জরুরী একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছি। তাৎক্ষণিক থানায় অভিযোগ করেছি। পরবর্তীতে শিক্ষা সচিব ও জবি উপাচার্যের সাথে বসে যথাবিহিত পদক্ষেপ নেবো।

এবিষয়ে সুত্রাপুর থানার ওসি আশরাফুল উদ্দিন ইত্তেফাককে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা পুলিশ প্রশাসন সেখানে গিয়েছি। কলেজ কর্তৃপক্ষ থেকে সিসিটিভির ফুটেজ নেয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে এর ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি