বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চার দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে।
শনিবার সকালে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে নবজাতককে রোদে নেয়ার নাম করে অচেনা এক নারী বাইরে যায়। এরপর থেকে বাচ্চাটিকে খুঁজে পাচ্ছেন না বাবা-মা।
নবজাতকের বাবা শহরের ঝোপগাড়ী এলাকার মোহাম্মদ রুবেল জানান, গত বুধবার হাসপাতালে তার স্ত্রী হোসনে আরা পুত্রসন্তানের জন্ম দেয়। শনিবার সকাল ৯টার দিকে অচেনা এক নারী অনেকক্ষণ নবজাতকটির আশপাশে ছিলেন। সে বাচ্চার পরিচর্যায় সহযোগিতাও করে । পরে এক সময় কৌশলে তাকে নিয়ে গা ঢাকা দেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, পুলিশ ঘটনাটি জানার পর জেলার বিভিন্ন থানায় এবং সড়কে চেকপোস্ট বসিয়ে নবজাতকের সন্ধানে তৎপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে নবজাতকের বাবা বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
