কৃষি উন্নয়নে বড় বাধা সঠিক তথ্যের অভাব : কর্মশালায় বিশেষজ্ঞরা

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ২০:৪২
বিশেষজ্ঞরা বলেছেন, মাঠ পর্যায়ে সঠিক তথ্য না পেয়ে নিজেদের মতামতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে কৃষকরা। অনেক সময় দেখা যায়, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা সঠিক সময় সঠিক তথ্য কৃষকদের সামনে উপস্থাপন করতে পারছেন না। ফলে কৃষি উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সঠিক তথ্যের অভাব।
 
‘বাংলাদেশের কৃষি উন্নয়নে এক্সটেনশন নেটওয়ার্কের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক  কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। শনিবার কুমিল্লার বার্ড মিলানায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন নেটওয়ার্ক (বাএইএন)।  
 
বিশেষজ্ঞরা বলেন, বিশ্ব উষ্ণয়নের ফলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে তা সত্ত্বেও আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি। এ অবস্থার মধ্যেও আমরা  খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে দেশে কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার খুবই কম। এখনো প্রকৃতির উপর নির্ভর করতে হয় কৃষকদের। কৃষির পর্যাপ্ত তথ্য আছে কিন্তু কৃষক সে তথ্য ঠিকমতো পাচ্ছেন না।
 
বাএইএন এর সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাএইএন এর মহাসচিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী।
 
ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ২০৫০ সালে দেশে লোকসংখ্যা হবে প্রায় ৩২ কোটি। সে ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তা না হলে এতো লোকের খাদ্য বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা ও বিভিন্ন  সমস্যা দেখা দিবে। এমন পরিস্থিতিতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খাদ্যের জোগানের জন্য প্রতিনিয়ত তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
 
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এগ্রিকালচারাল এক্সটেনশন ইন সাউথ এশিয়া এর প্রতিনিধি ড. রশিদ সোলায়মান, সিইএআরসিএ ফিলিপাইনের সমন্বয়ক এডুয়ার্ডো কুইবস্নাটিন, আইএফএডি বাংলাদেশের প্রোগাম অফিসার শেরিনা তাবাস্সুম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: আনোয়ারুল হক বেগ প্রমুখ।
 
ড. সেকেন্দার আলী বলেন, কৃষিতে অঞ্চলভিত্তিক সমস্যা লক্ষ্যনীয়। অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। সার্বিক কৃষির উন্নয়নে মাঠ পর্যায়ের কৃষকের কাছে নির্দিষ্ট সমস্যার সঠিক তথ্য পৌঁছে দিতে হবে।