বিএনপির প্রতি নাসিম

ভুলের পর ভুলের আবর্তে ঘুরপাক খাবেন না

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপির উদ্দেশে বলেছেন, ভুলের পর ভুলের আবর্তে ঘুরপাক খাবেন না। এখনো সময় আছে ইস্যুবিহীন ইস্যু নিয়ে ষড়যন্ত্র না করে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, আপনাদের নেত্রীর মুক্তি চান। গতকাল সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।  সড়কে নৈরাজ্য, মাদক ও সরকারি বিভিন্ন সংস্থায়  অনিয়মের বিরুদ্ধে ১৪ দলের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, আগামী ১০ ও ১১ এপ্রিল রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুরে অভিভাবক কর্মসূচি পালন করা হবে। আর ১৫ এপ্রিল ‘মাদক ও সড়কে নৈরাজ্য:আমাদের করণীয়’ শীর্ষক এবং ১৬ এপ্রিল ‘সামাজিক অপরাধসহ বিভিন্ন সরকারি সংস্থায় অনিয়ম:আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উল্লিখিত কর্মসূচিতে ১৪ দলের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের (জামায়াত ছাড়া) নেতারা, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা, ছাত্র, যুব ও নারী নেতৃবৃন্দ, বিআরটিএ, সড়ক পরিবহন শ্রমিক নেতা, এনজিও এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। পরে সবার সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা সরকার?কে সহ?যো?গিতা কর?তে চাই। এছাড়া ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আগামী ১৯ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে সমাবেশ কর্মসূচি পালন করা হবে। মোহাম্মদ নাসিম বলেন, সামনে রমজান মাস আসছে। সাধারণত রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। এবার জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেজন্য ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ১৪ দল।