খুলনায় চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ চৌধুরীকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে ফুলতলা উপজেলার দামোদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২টি বিদেশি ওয়ান শুটারগান, ১টি শার্টারগান, ২টি বন্দুকের কার্তুজ এবং ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ শিকদার আককাছ আলী জানান, রবিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ফুলতলা উপজেলার দামোদর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও ৭টি শর্টগানের গুলি বর্ষণ করে। অনুমানিক দেড়ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) আঞ্চলিক নেতা ও একাধিক মামলার আসামি হাফিজ চৌধুরীকে (২৮) গ্রেফতার করা হয়। সে স্থানীয় মৃত আরিফ চৌধুরীর ছেলে। এছাড়া গ্রেফতারকৃত তার দুই সহযোগী একই এলাকার সালাম খানের ছেলে জাহিরুল ইসলাম খান (২২) ও গাড়াখোলা গ্রামের মৃত মাসুম হাওলাদারের ছেলে হোসাইন কবির রাসেল (২২)।
