বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার মাঝবাড়ি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুপুরে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, সিরাজগঞ্জের কাজিপুরের রমজান আলী নামে এক ব্যক্তি চুরি হওয়া শিশুর মতই একটি শিশু দেখতে পেয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে জানিয়ে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানানো মাত্রই অভিযান চালিয়ে সেখান থেকে শিশুটি উদ্ধার করে। বিকেলে তার মা-বাবার কাছে শিশুকে হস্তান্তর করেন।
পুলিশ সুপার আরও জানান, বগুড়া সদরের বারপুর এলাকার রত্না বেগম নামের এক নারী শিশুটি চুরি করে নিয়ে যায়। রত্না বেগমের শ্বশুরবাড়ি গাবতলী উপজেলার মাঝবাড়ি এলাকায়। ধারণা করা হচ্ছে শিশুটিকে চুরির পর বিক্রি করে থাকতে পারে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।
