বন্ধ করা হচ্ছে বিমানের ম্যানচেস্টার অফিস

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:৩৯
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের ম্যানচেস্টার অফিসটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি সেখানে কর্মরত বিমানের ম্যানেজারকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে। ১৯৭৭ সালে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফ লাইন হিসেবে ম্যানচেস্টারে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ২০০৬ সালের মাঝামাঝি দিকে ম্যানচেস্টারে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু পরের বছর মার্চ মাসে এই ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০১১ সালে পুনরায় বিমানের ফ্লাইট চালু করা হলেও মাত্র এক বছর না যেতেই তা আবার বন্ধ করা হয়। এর মূল কারণ হিসেবে দেখানো হয় হজ্ব ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজের স্বল্পতা। তবে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হলেও ম্যানচেস্টারে বিমানের অফিসটি চালু রাখা হয়। 
 
এদিকে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ ব্যাপারে একটি লিখিত প্রতিবাদও জমা দেওয়া হয়েছে। 
 
এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দিক আহমেদ জানান, ম্যানচেস্টার অফিস বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা সম্পন্ন হতে দুই মাস সময় লাগবে।