খুলনায় বিএনপি নেতা মোর্ত্তুজা কারাগারে

আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২০:০৮
 
খুলনা মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শাহারুজ্জামান মোর্ত্তুজাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
একটি বিস্ফোরক মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে রবিবার বিকালে খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ ও জামিন প্রার্থনা করেন মোর্ত্তুজা। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী জামিন নামঞ্জুর করে মোর্ত্তুজাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 
এপিপি কামরুল ইসলাম জোয়ার্দার মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বলেন, '২০১৬ সালের ৯জুলাই রাত ৮টার দিকে খুলনা কারাগার সংলগ্ন স্টাফ কোয়ার্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জেল সুপার মো. কামরুল ইসলাম খুলনা সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।'
 
এ মামলায় গত ১৬ জানুয়ারি বিএনপি নেতা মোর্ত্তুজাসহ অন্যান্যদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক টিপু সুলতান। তিনি জামিন না নেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।