রানীশংকৈলে প্রতিবন্ধী স্কুলের কার্যক্রম শুরু
রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা্ রানীশংকৈল পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের ক্লাসসহ দাপ্তরিক কার্যক্রম সোমবার থেকে নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে। এ উপলক্ষে স্কুলে মিলাদ ও আলোচনা হয়। স্কুল সভাপতি লেখক-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলকমিটির সদস্য, জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন, ডা. তাজুল ইসলাম হাবুল, প্রভাষক প্রশান্ত বসাকসহ অন্যান্য সদস্য, শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর নামে সুপার মার্কেটের উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সুপার মার্কেটের উদ্বোধন করেন ঈশ্বরদী বাজারে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। স্বত্ত্বাধিকারী আনাছ মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হোসেন ভূঁইয়া। অতিথিদের মধ্যে ছিলেন মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মালিথা, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু প্রমুখ।
শিশু সুরক্ষা বিষয়ে বান্ধাবাড়ী ইউপি ও ওয়ার্ল্ড ভিশনের চুক্তি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা শিশু সুরক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য তিন বছরব্যাপী যৌথ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সোমবার বান্ধাবাড়ী ইউপি ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির সমঝোতা চুক্তি সই হয়েছে।
উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বান্ধাবাড়ী ইউপি ও কোটালীপাড়া এপির আয়োজনে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বান্ধাবাড়ী ইউপি চেয়ারম্যান মহব্বত আলী গোলদার ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজী সই করেন। এ সময় বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব কাজী বাহাউদ্দিন, শিক্ষক কাজী আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
