আরিচা ঘাট থেকে রবিবার রাতে অবৈধভাবে স্পিডবোটে পুলিশ কর্মকর্তাসহ যাত্রী তুলে যাওয়ার পথে যমুনাবক্ষে স্পিডবোট ডুবেছে। এ ঘটনায় কয়েক ব্যক্তির নিখোঁজের আশংকা করা হচ্ছে।
রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছেনি।
সংশ্লিষ্ট মালিক-কর্মচারীরা জানায়, যাত্রীদের সকলে উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া স্পিডবোটটি কূলে আনার চেষ্ট চলছে। স্পিডবোট চালক মোহাম্মদ আলীকে (২৫) শিবালয় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্পিডবোড ম্যানেজার ওয়াসিম মিয়া জানান, ঢাকা সিআইডি সহকারী পুলিশ সুপার পরিচয়ে জনৈক এনায়েত করিম ও দু’সহযোগীসহ ৯ ব্যক্তি রাত সাড়ে ৭টার দিকে আরিচা থেকে স্পিডবোটে যমুনা বক্ষে ঘুরতে যায়। ঘাট থেকে প্রায় দু’কিলোমিটার যাওয়ার পর চর-শিবালয় এলাকা অতিক্রমকালে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের আঘাতে স্পিডবোটটির তলা ফেটে ডুবে যায়।
এ সময় পাশ দিয়ে দু’টি স্পিডবোট কাজীরহাটের দিকে যাচ্ছিল। ওই বোটের যাত্রীরা বিপন্ন যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে বলে সংশ্লিষ্টরা দাবি করে।
এদিকে, উক্ত পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে (নম্বর-০১৭১৭০৭৪৮০৪) রিং করলেও তা বন্ধ পাওয়া যায়।
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের কর্মকর্তারা জানান, প্রায় দু’বছর আগে একটি মহল অবৈধভাবে আরিচা-কাজিরহাট রুটে স্পিডবোটে যাত্রী পারাপার শুরু করে।
উল্লেখ্য, গত বর্ষায় এ রুটে স্পিডবোট দুর্ঘটনায় দু’নারী-শিশু নিখোঁজ হলেও এ যাবৎ তাদের সন্ধান মেলেনি।
ইত্তেফাক/নূহু
