সাতক্ষীরার ১৩০ বছরের পুরনো লাবসা মসজিদ পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন। আদালত বলেছেন, মসজিদের পাশে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রত্নতত্ত্ব আইন মেনে আবেদন করতে হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক অনুমতি প্রদান করলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তা করা যাবে।
লাবসা মসজিদের পাশে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দা ড. মাহমুদা খাতুন হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, লাবসা গ্রামের জমিদার মুন্সি ইমাদুল হক ও আফতাব উদ্দীন ১৩০ বছর আগে জমিদার বাড়ি ও কলকাতার আলীপুরের পাওয়ার হাউজের সামনে একই ধরনের দুটি মসজিদ নির্মাণ করেন। মসজিদ দুটির জমি ওয়াকফ করা হয়। বর্তমানে কলকাতার মসজিদটি ভারত সরকার পুরাকীর্তির জন্য সংরক্ষণ করছে। ওই রিটের প্রেক্ষিতে ২০১১ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট স্থাপনা নির্মাণে ওপর স্থিতাবস্থা দিয়ে রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেয়।
মনজিল মোরসেদ বলেন, ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের বিধান অনুসারে পার্শ্ববর্তী কোনো স্থানে স্থাপনা তৈরিতে বাধা নিষেধ আছে। তাছাড়া এমনভাবে নির্মাণ করতে হবে যে, যেন পুরাকীর্তি হিসেবে বিবেচিত স্থাপনাটির সৌন্দর্য বা এর মূল নকশা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। লাবসা মসজিদ পুরাকীর্তি স্থাপনা হিসেবে স্বীকৃত। তাই মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত।
ইত্তেফাক/রাফাত
