সখীপুর-বাটাজোড় সড়ক

টাঙ্গাইলে ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১১:২৮
 
সখীপুর-বাটাজোড়-সীডস্টোর ও ভালুকা উপজেলার সংযোগ পাকা সড়কের কীর্ত্তণখোলা এলাকার স্টিলে তৈরি ব্রিজের কয়েকটি পাটাতন ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গত শনিবার থেকে ওই ব্রিজটির কয়েকটি লোহার পাটাতন ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচলে দুর্ভোগে পড়েছে বলে সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও পরিবহন চালক-শ্রমিকরা জানিয়েছেন।
 
জানা গেছে, ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যে কেন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সোমবার সরেজমিন ওই সড়কে গিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
 
পরিবহন চালক-শ্রমিকরা জানান, মালবাহী ভারী ট্রাক চলাচল আপাতত বন্ধ রয়েছে। বারবার ব্রিজের পাটাতন ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। এ সড়ক দিয়ে অসংখ্য ভারী যানবাহন চলাচল করে থাকে। দ্রুত গতিতে ব্রিজটি নতুনভাবে নির্মাণের দাবিও করেন তারা।
 
উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, গত বছর ব্রিজের ১০টি লোহার পাটাতন ভেঙ্গে পড়ায় নতুন পাটাতন দিয়ে মেরামত করা হয়েছিল। এবার ২৯ মিটারের ওই ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই নির্মাণ কাজ শুরু হবে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে সংস্কার কাজ করা হবে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/রাফাত