আলমডাঙ্গা থানা পুলিশ অস্ত্রসহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার লুৎফর রহমান ও নাদিম আলী নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার মোনাকষা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের মৃত মধু মন্ডলের ছেলে লুৎফর রহমান (৫৮) ও একই উপজেলার মুচাইনগর গ্রামের রেজাইল হকের ছেলে নাদিম আলী (৪৫) এলাকার চিহ্নত সন্ত্রাসী।
সোমবার সকালে তারা দুইজন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরপুর উপজেলা কামান্ড সিএনজি চালিত অটোরিকশা যোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটকের পর অটোরিকশা তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর একটি শাটারগান উদ্ধার করে। পরে তাদেরকে থানা নিয়ে যাওয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, খুলনা রেঞ্জে নতুন ডিআইজ যোগদান করেই সাত দিনের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাটারগানসহ কুষ্টিয়া মিরপুর উপজেলার সন্ত্রাসী লুৎফর ও নাদিমকে আটক করা হয়েছেে। তাদের বিরুদ্ধে অন্যান্য থানায় মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কাউছার
