দেশে মাদকাসক্ত ৭৫ লাখ

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩০

বর্তমানে সরকারিভাবে মাদকাসক্তদের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বেসরকারিভাবে দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে। মাদকসেবীরা গড়ে প্রতিদিন অন্তত ২০ কোটি টাকার মাদক সেবন করে থাকে। অর্থাত্ মাসে ৬০০ কোটি টাকার মাদক ব্যবসা হয়। এসব মাদকসেবীর মধ্যে ৮০ শতাংশই যুবক। তাদের ৪৩ শতাংশ বেকার। ৫০ শতাংশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘তরুণ সমাজ ও মাদকাসক্তি: বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব তথ্য দেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন চৌধুরীর সভাতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মাদক ব্যবসার মাধ্যমে যারা অবৈধ সম্পদ অর্জন করেছেন, তাদের তালিকা চেয়েছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। তারা প্রথম যে তালিকা দিয়েছিল তাতে তিন শতাধিক মাদক ব্যবসায়ীর নাম ছিল। কিন্তু অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তাদের সঙ্গে ঠিকানার কোনো মিল নেই। এরপর আমরা আবার তালিকা চাইলাম। সেই তালিকা অনুসন্ধান করে আমরা এ পর্যন্ত ১২ জনকে প্রসিকিউট করেছি। কমিশনের মামলায় কেউ কেউ কারাগারেও গিয়েছেন।

দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা মাদক নিত। যখন এসব বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালানো হলো, তখন দেখা গেল তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর যোগাযোগ রয়েছে। এটি আমাকে ব্যথিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। এখানেও যদি নেশার মরণ থাবা পড়ে, তাহলে আমরা কোথায় যাব?’