জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় মিলনায়তনে কবি আবদুল হাই মাশরেকী’র একটি বিখ্যাত গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আবদুল হাই মাশরেকী’র জীবনী ও কর্মের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উচ্চতর গবেষণা (এম.ফিল) করতে আগ্রহী হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে।
সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ভারতের কবি সৈয়দ হাসমত জালাল, শিল্পী শংকর সাওজাল। এছাড়াও কবি আবদুল হাই মাশরেকীর সন্তান শামীম মাশরেকী ও নঈম মাশরেকী এবং কবি আবদুল হাই মাশরেকী পরিষদের সভাপতি কবি মাহবুব আলম বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন গীতিকবি আবদুল হাই মাশরেকী’র জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর রচিত ঐতিহ্যবাহী গীতিকবিতা অবলম্বনে গান, নৃত্য ও পুঁথির অবলম্বনে নাটিকা পরিবেশিত হয়। গান, নৃত্য ও নাটিকায় পরিবেশনে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
