জাতীয় চলচ্চিত্র নীতির খসড়া অনুমোদন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:৫২
মন্ত্রিসভায় আজ সোমবার জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষ্যে এ নীতিমালা তৈরি করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করার সময় সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও দেশ পরিচালনার মূল নীতির ভিত্তিতে নতুন চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ জোগানো হয়েছে এই খসড়া আইনে।
 
তিনি বলেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ যে, ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে প্রস্তাবিত এই খসড়া আইন অনুমোদিত হয়েছে।
 
সচিব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও ইতিহাস এবং শিক্ষা ও বিনোদনমূলক চলচ্চিত্রের বিকাশে উৎসাহ জোগানো হয়েছে এই নীতিমালায়। এতে ধর্মীয় উগ্রতা প্রতিরোধে জনগণকে সচেতন করার কথা রয়েছে। অশালীন সংলাপ ও কর্মকাণ্ডও প্রশ্রয় দেয়া হবে না। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতারা ধর্ষণের চিত্র প্রদর্শন করতে পারবে না।নির্মাতাদের তথ্যের বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে বা বিভ্রান্তিমূলক কোন তথ্য প্রচার করা যাবে না।
 
চলচ্চিত্র নির্মাণে পরামর্শের তথ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠিত হবে। চলচ্চিত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে সুপারিশ করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে আর একটি কমিটি গঠিত হবে।-বাসস।