কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাবে স্থিতি ২৮২ কোটি টাকা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩২

সরকার কৃষককে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেওয়ায় দেশে ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৪টি ব্যাংক হিসাব খোলা সম্ভব হয়েছে। কৃষকদের এই ব্যাংক হিসাবে বর্তমান স্থিতি প্রায় ২৮২ কোটি টাকা। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ বিশ্বে পাট উত্পাদনে দ্বিতীয়, সবজি উত্পাদনে তৃতীয়, ধান উত্পাদনে চতুর্থ, আম উত্পাদনে সপ্তম, আলু ও পেয়ারা উত্পাদনে অষ্টম এবং খাদ্যশস্য উত্পাদনে দশম স্থানে রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিগত ১০ বছরে গম, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, শাক-সবজি, ফুল ও মসলাসহ বিভিন্ন ফসলের ২০১টি উচ্চ ফলনশীল উন্নত জাত ও হাইব্রিড এবং ২৫০টি উন্নত ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে বলেও বৈঠকে জানানো হয়েছে।

এছাড়াও বৈঠকে জানানো হয় যে, ২০১৮-১৯ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ পর্যন্ত চার লাখ ৬৫ হাজার ৩৩১ জন উপকারভোগী কৃষকের মাঝে ১২ হাজার ২৬৩ কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কমিটি সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামাণিক, আব্দুল মান্নান, মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়া সেন গুপ্তা ও হোসনে আরা অংশ নেন।