ময়মনসিংহের গৌরীপুর থানার নারী পুলিশ ব্যারাকে রবিবার হালিমা আক্তার নামে এক নারী কনস্টেবল গায়ে আগুন দিয়ে আত্মহনন করেছে বলে খবর পাওয়া গেছে।
প্রেম সংক্রান্ত কারণে হালিমা আত্মহত্যা করেছে বলে পুলিশ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টের মিজানুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ বলেন, হালিমা রবিবার গৌরীপুর থানায় ডিউটি ছেড়ে ব্যারাকে যান। কিছুক্ষণ পর বিকাল ৩টার দিকে ব্যারাক থেকে অগ্নিদগ্ধ অবস্থায় হালিমা আক্তারকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলায় মহাসড়কে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস.এ নেওয়াজী ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
এসআই মিজানুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে এ নারী কন্সটেবলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। এসআই মিজানুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন হালিমা আক্তার। তার বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গৌরাকান্দা গ্রামে।
এদিকে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার এসএম নিয়াজীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
