সুনামগঞ্জকে দুর্গত জেলা ঘোষণার দাবি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০১:৪৭

পাউবো’র দুর্নীতি, ভারী বর্ষণ এবং অকাল বন্যায় বেশিরভাগ হাওরের কাঁচা ধান তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়েছে। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত এবং জেলাকে দুর্গত ঘোষণার দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সোমবার সকালে সচেতন হাওরবাসীর উদ্যোগে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের মুখপাত্র সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, লেখক মুর্শেদ আলম, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সদস্য খলিল রহমান, সুজনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক শামস শামীম, কুলেন্দু শেখর দাস, স্কাউট লিডার বুরহান উদ্দিন, অ্যাডভোকেট শাহীনূর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণে মন্ত্রী, সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি পর্যায়ের ব্যক্তিরা জড়িত। ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি হওয়ার কারণে বছরের পর বছর সুনামগঞ্জের লাখ লাখ কৃষকের চাষ করা একমাত্র ফসল ধান পানিতে ডুবে নষ্ট হয়। এজন্য কোনো সময়েই দায়ী ব্যক্তিদের বিচার হয় না। মানববন্ধনে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা হয়।

ইত্তেফাক/নূহু