এইচএসসি পরীক্ষা দিতে আসার পথে নোয়াখালী সরকারি মহিলা কলেজের ছাত্রী নাজমুন নাহার রাহা (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হন। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের আবু হাসানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাজমুন নাহার রাহা মঙ্গলবার সকাল ৯টার দিকে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়ার জন্য নানার বাড়ি সোনাপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে রওনা হন। কিছুদূর আসার পর অটোরিকশার চাকার সাথে তার পরনের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে সে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/রাফাত
