ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের রাউতৈল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা থেকে সাথী পরিবহনের একটি বাস ঝিনাইদহে আসছিল। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে অন্তত ২০জন যাত্রী আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
