নগরকান্দায় ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৭:৩৮
 
ফরিদপুরের নগরকান্দায় ধানক্ষেত থেকে ফিরোজা আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশে ডাঙ্গী নগরকান্দা নামক স্থানে ধানক্ষেত থেকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের চুকাইড় গ্রামের ফজলু ব্যাপারীর মেয়ে ফিরোজার লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ওই লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকাবাসীর ধারণা ফিরোজাকে দুষ্কৃতিকারীরা ধর্ষণের পর হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ফিরোজার মা বেগম খানম জানান, সোমবার দুপুরের খাওয়ার পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায়নি।
 
থানা অফিসার ইনচার্জ এবিএম নাসিম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। তবে এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।