দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপ-সচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র মো. মুরতুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু মুরতুজার বিরুদ্ধে ফুলবাড়ি থানার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে সেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯এর ধারা-৩১এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে মো. মুরতুজা সরকার মানিক, মেয়র, ফুলবাড়ি পৌরসভা, দিনাজপুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইভাবে অপর এক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতাহার হোসেনকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্যানেল মেয়র-১ মো. মামুনুর রশীদ চৌধুরী মামুন বলেন, মেয়র সাময়িকভাবে বরখাস্ত এবং তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন সম্পর্কে জেনেছেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত তিনি এ সংক্রান্ত কোন চিঠি পাননি। চিঠি পেলে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানান।
সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়র মো. মুরতুজা সরকার মানিক বলেন, মন্ত্রণালয় থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার খবর তিনি শুনেছেন। ফুলবাড়ি রক্ষার আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় এশিয়া এনার্জির দায়েরকৃত মামলার কারণে তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৯নভেম্বর বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির বাংলাদেশ প্রধান গ্যারি এন লাই তার লোকজন নিয়ে ফুলবাড়ি অফিসে অবস্থানকালে দুষ্কৃতিকারীদের রোষানলে পড়েন। ওইদিন এশিয়া এনার্জির অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। ওই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্টতার অভিযোগে ফুলবাড়ি পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিককে ১নং আসামি করে ৬০জনের নামে ফুলবাড়ি থানায় একটি মামলা করেন।
