সিরাজগঞ্জে হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৬:৫৯
 
সিরাজগঞ্জে ইব্রাহিম হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরুল হাসান এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
 
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শামীম (৩৫), সোরমান আলীর ছেলে রব্বানী (৩২), রহিজ প্রামানিকের ছেলে মিন্টু প্রমানিক (৩৩), একই উপজেলার মিরেরদেউল গ্রামের হযরত আলীর ছেলে কালাম (৩২), বগুড়া জেলার শেরপুর থানার হোসনেবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে দুদু প্রামানিক (৩০) ও জিয়াউর রহমান (২৮), একই এলাকার বিশা সেখের ছেলে আব্দুস সামাদ সেখ (৩২), শেফাত আলী প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম (২৫)। এদের মধ্যে শামীম (৩৫) পলাতক রয়েছেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর রাতে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ীতে এসে তার জামাতা ইব্রাহিম খলিলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।  ইব্রাহিম রাতে আর ফেরেননি। পরের দিন সকালে তার লাশ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজারের আজাদ মজলিস ক্লাব এলাকা থেকে উদ্ধার হয়।
 
এ ঘটনায় নিহতের শ্বশুর মোহাম্মদ আলী ১১জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় হয়।