মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯ এর ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলঙ্কান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯ এর ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক মেরিটাইম কালচারাল অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মহড়ায় যোগ দিতে নৌবাহিনী প্রধান গত ২৬ মার্চ ঢাকা ত্যাগ করেন। —আইএসপিআর।
