সুনামগঞ্জে তলিয়ে গেছে ৮০হাজার হেক্টর জমির ফসল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৯:৪৯
 
সুনামগঞ্জে বন্যা, বর্ষা ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৮০হাজার হেক্টর জমির বোরো ফসল। যার ক্ষতির পরিমাণ ৯২৬কোটি টাকা।
 
চার দিনের ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে জেলার ছোট-বড় হাওড়গুলি। এর উল্লেখযোগ্য হচ্ছে, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, ধর্মপাশা উপজেলার সোনমড়ল ও দিরাই উপজেলার উড়াবন্দি হাওর।
 
বছরের একটি মাত্র ফসল হারানোর কারণে জেলার ৯লাখ কৃষকের মাঝে বিলাপ শুরু হয়েছে। এ পর্যন্ত জেলায় আবাদকৃত দুই লাখ ৩০হাজার হেক্টর জমির মধ্যে পানির নিচে তলিয়ে গেছে ৮০হাজার হেক্টর জমির ফসল। যার বাজারমূল্য ৯২৬কোটি টাকা। তবে এই পরিমাণ দ্বিগুণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বোরো চাষিরা।
 
এদিকে, হাওড় রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার বেলা একটায় আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক। একশ' কোটি টাকা প্রণোদনা ফসলরক্ষা বাঁধ নির্মাণে যেসকল স্থানে দুর্নীতি হয়েছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।