দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে এ গ্রেনেড দুটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে র্যাবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম। আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে এবং ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করতে গত সোমবার সকাল থেকে র্যাবের অভিযান চলে।
মঙ্গলবার অভিযানে নিচ তলার তিনটি কক্ষ থেকে ধ্বংসস্তূপ সরায় র্যাব। এসব কক্ষ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণ ঘটিয়ে এ গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়।
বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, মঙ্গলবারের অভিযানে আতিয়া মহলের নিচ তলার তিনটি কক্ষ পরিষ্কার করা হয়। এসময় দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে সেগুলোর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তিনি বলেন, আগে থেকেই ধারণা ছিল, ভেতরে জঙ্গিদের রাখা বিস্ফোরক থাকতে পারে। অভিযানে তার সত্যতা মিলেছে। ধারণা করছি, আতিয়া মহলে আরো অনেক বিস্ফোরক থাকতে পারে।
এলাকাবাসীর সহযোগিতা চেয়ে লে. কর্নেল আলী হায়দার বলেন, অভিযানের জন্য এলাকাবাসী অনেক সহযোগিতা করছেন, কষ্ট করছেন। তবে আতিয়া মহলে যতোদিন অভিযান শেষ না হবে, ততোদিন এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করতে হবে। ভবনটি বিস্ফোরকমুক্ত হলেই যান ও জনচলাচল স্বাভাবিক হবে। আতিয়া মহল এলাকায় র্যাবের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কেউ বিশেষ করে কোন শিশু যাতে ঢুকতে না পারে, সে দিকে দৃষ্টি রাখতে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। সংবাদ সম্মেলনে অভিযানে নেতৃত্ব দানকারী লে. কর্নেল আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
