গাঁজা সেবনের সুযোগ না পেয়ে বন্ধুকে হত্যা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৫

ইত্তেফাক রিপোর্ট

একাই একটি গাঁজার স্টিক সেবন করায় ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে বন্ধুকে খুন করেছেন রনি। গত ২৫ মার্চ কামরাঙ্গীরচরের বড়গ্রাম কাঁচাবাজার মোড়ে হাজী আব্দুল আলীর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। রনি তার বন্ধু কাউসারকে হত্যা করে পালিয়ে যান। দুই দিন পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জানান, হত্যার দিন রাতে রনি তার বন্ধুকে মোবাইল ফোনে ডেকে নেয় তার ভাড়া বাসায়। রাতে তারা বাসায় খাওয়া দাওয়া সেরে গাঁজা সেবন শুরু করে। এরমধ্যে গাঁজার একটি স্টিক পুরোটাই কাউসার সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উভয়েই নেশাগ্রস্ত ছিলেন। এক পর্যায়ে রনি ছুরি নিয়ে কাউসারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় পাশের ঘরের ভাড়াটিয়া ছুটে এলে রনি পালিয়ে যায়।