বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) দায়িত্ব নেয়ার পর থেকেই নতুন লোকবল নিয়োগ দিয়ে টোল আদায়ের কাজ শুরু করে। পূর্বে কর্মরত প্রায় অর্ধশতাধিক লোকজনকে বাদ দিয়ে টোল আদায়ের কাজ করছে নতুন কোম্পানি। ফলে ছাঁটাই আতঙ্কে বিক্ষুব্ধ টোল কালেক্টররা বুধবার সকাল ১০ থেকে দুপুর একটা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
টোলকালেক্টররা জানান, অর্ধশতাধিক টোল কালেক্টর, টোল সুপারভাইজার, অডিট কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন কোম্পানি কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) অদক্ষ লোকবল দিয়ে টোল আদায়ের কাজ করছে। এতে সেতুতে টোল আদায়ে কর্মরত টোল সুপারভাইজার ও কালেক্টরসহ অর্ধশতাধিক লোকজন তিনঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে সেতু এলাকায়।
বিক্ষোভকারীরা আরো জানান, আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বকেয়া বেতন পাচ্ছেন না তারা। বুধবার ১৫দিনের বেতন দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কাজেও যেতে দেয়া হচ্ছে না তাদের। কাজে স্বাক্ষরের জন্য হাজিরা খাতাও দেয়া হচ্ছে।
এদিকে স্বপদে কাজে যোগদান না করতে পারলে সেতু অচল করে দেয়া হুমকি দেন বিক্ষুব্ধরা। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধুসেতু কেপিআই এলাকাভুক্ত। এখানে কোনো সভা-সমাবেশ বা অবস্থান ধর্মঘট করা যাবে না। ছাঁটাই আতঙ্কে থাকা বিক্ষুব্ধ শ্রমিকদের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের কাজে যোগদানের আশ্বাস দিলে তারা সেতু এলাকা ত্যাগ করেন।
ইত্তেফাক/মণ্ডল
