গাইবান্ধায় তিন জেএমবি পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:১৩
 
গাইবান্ধায় গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন জেএমবি'র তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
বুধবার দুপুর একটার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীন এই আদেশ দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক।
 
তিন সদস্য হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ পাঁচপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান মিন্টু (৩৫)।
 
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা কিশামত কেওয়াবাড়ী গ্রামের আব্দুল ওহাব প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) ও পলাশবাড়ী থানা পুলিশ।
 
ইত্তেফাক/জামান