জঙ্গিরা ইসলামকে ধ্বংস করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৭
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিদের কোন গ্রুপ নেই, ওদের গ্রুপ একটাই, ওরা ষড়যন্ত্রকারী, ওরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়। এরা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই, আত্মহননের কোনো জায়গা নেই। জঙ্গিবাদ যারা করে ওদের জায়গা জাহান্নামে জাহান্নামে।
 
বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার সিসি ক্যামারার আওতাধীন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে আজকের পুলিশ জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। মানুষ আস্তার জায়গা আর বিশ্বাসের জায়গা পুলিশের ওপর স্থাপন করতে পেরেছে। এটাই হলো আমাদের সরকারের সফলতা।
 
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ড. হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি