পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৮
 
পাবনার বেড়ায় একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার আমিনপুর থানার হরিদেবপুরে শান্ত হোটেলের এক নম্বর কক্ষ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে নীল রঙের জিন্স প্যান্ট ছিল। তবে এ খবর লেখা পর্যন্ত লাশের সঠিক নাম-পরিচয় নিরূপণ করা যায়নি।
 
শান্ত হোটেলের ম্যানেজার আব্দুল জব্বার মুন্সী জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামের রবিন (২১) ও শিপন (২২) নামের দুই যুবক ছাত্র পরিচয় দিয়ে বেড়ানোর উদ্দেশ্যে কক্ষ বুকিং দেয়। বুধবার দুপুরে কক্ষ চেকিং-এ গেলে ওই দুই জনের এক জনকে গলায় ফাঁস অবস্থায় মেঝের উপর পড়ে থাকতে দেখা যায়। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেডএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হোটেলের জানালার পর্দা গলায় পেঁচিয়ে রাতের কোন এক সময় হত্যা করে তার সহপাঠী পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশের গায়ে কয়েকটি আঘাতের দাগ রয়েছে। তবে মৃত দেহটি রবিনের, নাকি শিপনের তা এখনও জানা যায়নি।