খুলনায় ডাকাতি মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ১০বছর কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. নাদিমুজ্জামান নাদিম (২২) জেল হাজতে এবং অপর আসামি নাসির শেখ (২৩) পলাতক রয়েছেন। তাদের বাড়ি তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের পশ্চিমপাড়ায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে তেরখাদা উপজেলার নাচুনিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মৃত শফিউদ্দিন শেখের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। মুখোশধারী ডাকাত দল পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ এক লাখ ৪৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর মৃত শফিউদ্দিন শেখের স্ত্রী নাসিমা বেগম তেরখাদা থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই প্রবীর কুমার চক্রবর্তী ২০১৪ সালের ২৭ নভেম্বর চার্জশিট দেন।
ইত্তেফাক/জামান
