বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আবুল হোসেন (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০জন।
বুধবার দুপুরে বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামের খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন বগুড়া সদরের আকাশ তারা গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস সাবগ্রাম এলাকায় পৌঁছুলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (টিএসআই) আশুতোষ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
