রামগড়ে বুধবার রাতে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রেম ঘটিত বিষয় নিয়ে পারিবারিক কলহ আত্মহত্যার কারণ বলে স্বজনদের দাবি।
জানা যায়, উপজেলার উত্তর সোনাই আগা গ্রামের মৃত সাহাব উদ্দিনের মেয়ে আকলিমা আকতার(১৮)। বুধবার রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে রশি বেধে গলায় ফাঁস দেয়। এ সময় ঘরে অন্য কেউ ছিল না।
খালার বাড়ি থেকে রাত সাড়ে ৮টার দিকে ঘরে ফিরে এসে দরোজা বন্ধ দেখে আকলিমার মা তাকে ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গলায় রশি বেধে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে রামগড় উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।
আকলিমার বড় ভাই ফারুক জানান, উপজেলার শাল বাগানটিলার নুর হোসেনের ছেলে সবুজের সঙ্গে আকলিমার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে ছেলের বাবাকে এ বিষয়টি জানানোর পর সবুজকে তিনি বকাঝকা করেন। আজ বুধবার আকলিমার বড় বোনের বাসায় দুজনের এ সম্পর্ক নিয়ে পারিবারিক কলহ হয়। প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহে আকলিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
আকলিমার দুলাভাই ইব্রাহীমও একই কথা বলেন। তিনি আরও বলেন, আকলিমা ও তার মা ছাড়া ওই বাসায় আর কেউ থাকে না। ঘটনার সময় তার মা খালার বাড়িতে ছিলেন।
এদিকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে আকলিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, বৃহষপতিবার ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু
