আগৈলঝাড়ায় সওজ’র সড়ক সংস্কারের নামে কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঠিকাদার লুটপাট করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। এ ব্যাপারে সওজ কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থাই নিচ্ছে না তারা।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ(সওজ) সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা সদর থেকে ডাসার সড়কের রাজিহার-বাশাইল হয়ে উপজেলার সীমানা ঘোষের হাট পর্যন্ত সড়ক সংস্কারের টেন্ডার আহবান করে সড়ক বিভাগ কর্তৃপক্ষ। টেন্ডারে ঠিকাদারী প্রতিষ্ঠান বরিশালের এসএমজেবি ২৫লাখ টাকার কার্যাদেশ পায়। ওই প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী মো. শাহীন। এদিকে ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নেয় গৌরনদীর ফরহাদ মিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা গত গত এক সপ্তাহ আগে সংস্কার কাজ শুরু করে। তবে কাজের মান অত্যান্ত নিম্নমানের হওয়ায় ঠিকাদারের পাশাপাশি সরাসরি সওজ কর্তৃপক্ষকে দোষারোপ করছেন সাধারণ জনগণ। নিম্নমানের কাজের ফলে সামান্য বৃষ্টির আগেই যানবাহনের চাকায় উঠে যাচ্ছে সিলকোডের বিটুমিন। সওজ’র সড়ক সংস্কারের দ্বায়িত্বে থাকা এসও মো. হানিফ মিয়াকে জানানো হলে তিনি সড়কের কাজ পরিদর্শন করবেন জানালেও অসুস্থাজনিত কারণে আসতে পারেননি। তিনি জানান, লোকজন দিয়ে খবর নিয়ে তিনি জেনেছেন যে, কাজের মান খারাপ হচ্ছে। তিনি নিজে সংস্কার কাজ দেখে বিল দেয়ার ব্যবস্থা করবেন। কাজ না হলে বিল দেবেন না বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু
