বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে ট্রেন লাইনচ্যুত

উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ, দুপুরে স্বাভাবিক হওয়ার আশ্বাস

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১২:৩৭
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল। এ ঘটনায় দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
 
বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে ঢাকা থেকে লালমনিরহাট গামী একটি ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি সহ বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে লাইনচ্যুত হয়ে যায়। এরপর সকালে উদ্ধারকারী ট্রেন এসে ২টি বগি উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আরেকটি বগি এবং ইঞ্জিন উদ্ধার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
 
IMG0
 
এদিকে ট্রেনটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান পশ্চিম অঞ্চল রেলের জিএম খায়রুল আলম। তিনি জানান, দুপুরের মধ্যে বাকি বগি ও মূল ইঞ্জিনটি উদ্ধার করা গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 
সিরাজগঞ্জের যমুনা পশ্চিমে ধূমকেতু এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস, উল্লাপাড়া স্টেশনে একতা, সিরাজগঞ্জ বাজারে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ভাঙ্গুড়া স্টেশনে নীল সাগর, চাটমোহর স্টেশনে সিল্কসিটি ও সরৎনগর স্টেশনে ঈশ্বরদী লোকালসহ মোট ৮টি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রাত থেকে আটকা পড়া এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
 
IMG1
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারী রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তরবঙ্গের হয়ে ঢাকার চলাচলকারী সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/রাফাত