আদালত এজলাসে কিল-ঘুষিতে পুলিশকে জখম করলো উকিল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:২৪
 
খুলনায় আদালতের নিরাপত্তায় দায়িত্ব পালনরত অবস্থায় এক আইনজীবীর কিল-ঘুষিতে আলাউদ্দীন নামে পুলিশের এক কনস্টেবল জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। আহত পুলিশ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল পৌঁনে ১১টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে কোট চলাকালে কালো গাউন ছাড়া সাদা টি শার্ট পরে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত কাঠগড়ায় দাঁড়ানো একজন আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় এজলাসের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল আলাউদ্দীন (কং নং-৪৭৩৬) তাকে আসামির সঙ্গে কথা বলতে নিষেধ করে তার পরিচয় জানতে চান।
 
এতে ক্ষিপ্ত হয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত তার মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ সময় এজলাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এজলাস ও আদালতে দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্যরা  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন।  এ ঘটনার পর আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
আহত পুলিশ সদস্য আলাউদ্দিন বলেন, সকাল পৌঁনে ১১টার দিকে আদালত চলাকালে সাদা টি-শার্ট পরে হাফিজুর রহমান শান্ত এজলাসে প্রবেশ করে একজন আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে হঠাৎ করে তার মুখে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার ঠোট কেটে যায় এবং রক্তাক্ত জখম হন। এছাড়াও তার মুখ ফুলে গেছে।
 
খুলনা কোর্ট ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশমত এ ব্যাপারে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ব্যাপারে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান পপলু বলেন, খবর পেয়ে আমি তখনই ওই এজলাসে গিয়েছিলাম। তবে এক সঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময় কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আলাপ-আলোচনা করে ঘটনাটির মীমাংসা করে নেব। 
 
ইত্তেফাক/আনিসুর