গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকা থেকে গোবিন্দ বৈরাগী (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নিচুপাড়ার আমেনা স্কুলের পাশে একটি গাছ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ বৈরাগী সরকারি বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের সন্তোষ বৈরাগীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বুধবার রাতে শহরের নিচুপাড়ার ছাত্রাবাস থেকে বাইরে যান কলেজ ছাত্র গোবিন্দ বৈরাগী। এরপর রাতে আর তিনি ছাত্রাবাসে ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে নিচুপাড়া আমেনা স্কুলের পাশে একটি গাছে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
