প্রশ্নপত্র আনা-নেয়ায় নির্দেশনা দেয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৮:১২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র আনা-নেয়ার সময় আরো সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনার সময় ব্যবহৃত গাড়ি যাতে কালো কাচের না হয়, সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। স্বচ্ছ কাচের গাড়িতে প্রশ্নপত্র বহন করতে হবে, যাতে বাইরে থেকে দেখা যায়।
 
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমরা কিছু বিষয় স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যেমন- এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্দিষ্ট করে দিতে পেরেছি। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়ার ব্যবস্থা করেছি।’
 
কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী পরীক্ষা হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষার্থীরা মন্ত্রীকে জানান, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার প্রশ্নপত্র এবং কেন্দ্রের পরিবেশেও তারা খুশি।
 
মন্ত্রী হল পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এ মাহমুদ এবং কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা আকতার উপস্থিত ছিলেন।বাসস