প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, তৈরি পোশাক খাতের মতো সিরামিক খাতও দ্রুত এগিয়ে যাচ্ছে। এর পুরো সুযোগও আমাদের রয়েছে। ইতিমধ্যে নয়টি দেশে সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিক শিল্পের বিকাশে প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। সিরামিক খাতের জন্য পরিবেশবান্ধব শিল্পাঞ্চল তৈরি করবে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সিরামিক সোসাইটির ১৫তম বার্ষিক সম্মেলন ও সিরামিক পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সিরামিক সোসাইটি এবং বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
মসিউর রহমান বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকট রয়েছে। গ্যাস ব্যবহারে আগে আমরা সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছি। গ্যাস ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। তবে এ সংকট থাকবে না। সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। গ্যাস খাতে সরকারের বিনিয়োগও বাড়ছে। বিদেশি বিনিয়োগকারী আসছে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্প বিশ্বে নেতৃস্থানীয় অবস্থান অর্জন করেছে। চামড়া শিল্পও এগিয়ে যাচ্ছে। এখন সিরামিক শিল্পকে এগিয়ে নিতে উদ্ভাবনী কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিরামিক ওয়ারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, রপ্তানি পণ্যের মধ্যে সিরামিক চতুর্থ স্থানে রয়েছে। গ্যাসের সমস্যা সমাধান করতে পারলে আমাদের এই খাত আরও অনেক দূর এগিয়ে যেত। সিরামিক খাতের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
মিরপুর সিরামিকের চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী বলেন, বর্তমানে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছি। গুণে-মানে বাংলাদেশের সিরামিক খ্যাতি অর্জন করেছে, এখন দরকার উৎপাদন বৃদ্ধি।
ইত্তেফাক/ইউবি
