হত্যা মামলা করতে চান বিদেশি শিক্ষার্থী ও 'ভোগ' প্রচ্ছদ কন্যা রাউধা আথিফের বাবা মোহাম্মদ আথিফ।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে কার বিরুদ্ধে মামলা করতে চান, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে রাউধার চিকিৎসক বাবা মোহাম্মদ আথিফ বলেন, 'রাউধা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে রাউধাকে হত্যা করা হয়েছে। ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সত্য কথা বলছেন না। তাদের সঙ্গে সায় মিলিয়ে ময়নাতদন্তের চিকিৎসক এবং পুলিশ একই কথা বলছেন।' তারা কাউকে যেন রক্ষা করার চেষ্টা করছেন বলে দাবি করেন রাউধার বাবা আথিফের। তিনি বলেন, 'রাত ১১টার দিকে তার সঙ্গে কথা হয়েছে। সে স্বাভাবিক ছিলেন। কিন্তু সকালে তার লাশ পাওয়া গেল।'
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে নিজের কক্ষে রাউধা আথিফের লাশ পাওয়া যায়। এরপর ৩১ মার্চ তার পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত শেষে নগরীর হেতেখাঁ কবরস্থানে দাফন করা হয়। এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন রাউধা। বিদেশি কোটায় ভর্তির পর গত বছরের ১৪ জানুয়ারি মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার ওই কক্ষে উঠেছিলেন মালদ্বীপের এই মডেল কন্যা।
